Wednesday, October 21, 2026
Wednesday, October 21, 2026
Homeরাজনীতিকোণঠাসা রাজপথের ত্যাগীরা।

কোণঠাসা রাজপথের ত্যাগীরা।

দেড় দশকেরও বেশি সময় ধরে চলা আওয়ামী ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলন, পুলিশের টিয়ারশেল, নির্বিচার গুলিবর্ষণ, গায়েবি মামলা আর অন্ধকার কারা প্রকোষ্ঠের দুঃসহ দিনগুলোতে যারা বুক চিতিয়ে রাজপথে ছিলেন, তাদের রক্তের ওপর দাঁড়িয়েই আজ ক্ষমতায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধার, জনগণের শাসন প্রতিষ্ঠা, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং একের পর এক ব্যতিক্রমী উদ্যোগে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, তখন ধারাবাহিকভাবে বিএনপি ও দলের রাজপথের দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত নেতাদের নানা কৌশলে ফ্রেমিং ও ন্যারেটিভ তৈরি করে বিতর্কিত করা হচ্ছে। আর তাদের জায়গা দখল করে নিচ্ছে বসন্তের কোকিলেরা। সরকারের গুরুত্বপূর্ণ স্তরে রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের এক পাশে সরিয়ে রেখে সুবিধাবাদী, সাবেক আমলা ও হাইব্রিড রাজনীতিকদের পুনর্বাসন চলছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায় এমপি বলেন, বিএনপি সরকার গঠন করেছে, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে ছিলেন, নিঃস্ব হয়েছেন তাদের জন্য আমরা কিছু করতে পারিনি। আবার কিছু সুবিধাবাদী ঢুকে পড়েছে এটি ত্যাগীদের জন্য হতাশার। এই হতাশা থেকে অনেকে দূরে সরে যাচ্ছে। ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এর জন্য দায়ী আমরাই। আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। এতে দল ও দেশ উপকৃত হবে।

সরকারে সুবিধাবাদীদের দাপট : বিগত দেড় দশকে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে গিয়ে তৃণমূল ও রাজপথের নেতারা পরিবার হারিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আর বছরের পর বছর জেল খেটেছেন। কর্মীদের স্বাভাবিক প্রত্যাশা ছিল, পটপরিবর্তনের পর সরকার ও নীতিনির্ধারণী কাঠামোতে সেই ত্যাগীদের মূল্যায়ন হবে। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটা। সরকার গঠন ও ক্ষমতা পুনর্বিন্যাসের শুরু থেকেই একটি নির্দিষ্ট বলয় অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে। দীর্ঘ আন্দোলনের কঠিন দিনগুলোতে যাদের কোনো কার্যকর ভূমিকা ছিল না, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেয়ার সাহসটুকুও দেখাননি কিংবা বিদেশে নিরাপদ জীবনযাপন করেছেন, পটপরিবর্তনের পরপরই তারাই নীতিনির্ধারণী প্রক্রিয়ার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেন।

ক্ষোভ প্রকাশ করে রাজশাহী বিএনপির এক নেতা বলেন, আমরা বছরের পর বছর জেল-জুলুম সহ্য করেছি, হামলা-মামলার শিকার হয়ে বাড়িঘর ছেড়েছি। অথচ দল ক্ষমতায় আসার পর কোনো দাবি বা কথা নিয়ে গেলে দেখি এমন লোকজন সামনে বসে আছেন যাদের দুঃসময়ে রাজপথে কখনো দেখিনি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার যখন দেশের জনগণের কল্যাণে কাজ করছে, নানা সিদ্ধান্ত গ্রহণ করছে তখন শুরু থেকেই একটি শ্রেণি নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চান। সেটি দল হোক কিংবা সরকার।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: