
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় যুবদলের আহ্বায়ক কমিটি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। কমিটি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেয় এবং অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানায় তারা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ডিমলা উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ডিমলা শুটিবাড়ী মোড় স্মৃতি অম্লান চত্তরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে গত ২৩ (অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। দলের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায় বক্তারা।
প্রতিবাদ বিক্ষোভ সমাবেশে উপজেলা যুবদলের ও ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তাদের দাবি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলীয় নেতাদের প্রতি আহ্বান করেন বক্তারা।


