
শুভরঞ্জন বড়ুয়া
আলীকদম ( বান্দরবান ) প্রতিনিধি।
আলীকদম উপজেলার দূর্গম পোয়ামূহুরী সীমান্ত এলাকায় শতাধিক নারী পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ করেছে আলীকদম ব্যাটালিয়ন ( ৫৭ বিজিবি )
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিজিবির ‘অপারেশন উত্তরণ’-এর আওতায় এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদীর দিকনির্দেশনায় এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, এএমসি-এর তত্ত্বাবধানে পোয়ামুহুরী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ক্যাম্পেইনে ১০০ জনের অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান, মাদক ও আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি স্থানীয় জনগণের কল্যাণেও বিজিবি নিয়মিত মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এসব উদ্যোগ পাহাড়ি-বাঙালি সম্প্রীতি ও পারস্পরিক আস্থা বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে বিজিবি জানায়।
এ ধরনের মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য বিওপির সীমান্তবর্তী অঞ্চলেও পর্যায়ক্রমে মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)।



