
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালন, সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও অগ্নিসংযোগসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। সভায় আরও বক্তব্য দেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা। এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা ও উপজেলার বিভিন্ন প্রতিনিধিসহ গণমাধ্যম কর্মীরা সভায় অংশ নেয়।
সভায় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ দায়িত্ব শুধু প্রশাসন বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির মতো কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
সভায় উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।



