
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় সরকারি যাকাত ফান্ড হতে অসচ্ছল ও যাকাত প্রাপ্যদের মাঝে নগদ অর্থ বিতরণসহ উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় সিলিং ফ্যান প্রদান করা হয়েছে। সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে উপজেলার ১০০টি মসজিদ ও মাদ্রাসার কর্তৃপক্ষের হাতে একটি করে সিলিং ফ্যান তুলে দেওয়া হয়। পাশাপাশি সরকারি যাকাত ফান্ড থেকে ৫০টি অসচ্ছল, হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের মাঝে মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারি যাকাত তহবিলের সুষ্ঠু ব্যবস্থাপনা সমাজের দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেই সঙ্গে ধর্মীয় প্রতিষ্ঠানে প্রয়োজনীয় উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষার্থী ও মুসল্লিরা সুন্দর আরাম পাবে ইনশাআল্লাহ।



