
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ২০২৫-২০২৬’ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সহায়তা ও উপকরণ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রশিদ, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মুজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, ডিমলা থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৭০টি সিলিং ফ্যান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২১৭টি ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে বিপি মেশিন, হুইলচেয়ার, ওয়েট মেশিনসহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ প্রদান করা হয়। পাশাপাশি অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।


