Sunday, November 15, 2026
Sunday, November 15, 2026
Homeবিশেষ প্রতিবেদনডিমলার গয়াবাড়ি'তে অগ্নিকাণ্ডে ৩টি ক্ষতিগ্রস্ত পরিবার কে দ্রুত সহায়তার দাবি

ডিমলার গয়াবাড়ি’তে অগ্নিকাণ্ডে ৩টি ক্ষতিগ্রস্ত পরিবার কে দ্রুত সহায়তার দাবি

মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের ১০টি বাড়িঘরসহ নগদ অর্থ, স্বর্ণালংকার, যানবাহনের ইঞ্জিনিয়ারিং যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম, আসবাবপত্র ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্ত পরিবাররা। আগুনের ভয়াবহতায় মুহূর্তের মধ্যেই সবকিছু হারিয়ে পরিবার ৩টি অসহায় হয়ে পড়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর দক্ষিণ গয়াবাড়ী গ্রামের আইনুল হক (৬৫) এবং তাঁর দুই ছেলে মামুনুর রশীদ (৪০) ও মাসুদ রানার (৩০) বাড়িতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে হঠাৎ ওই বাড়িতে আগুনের সূত্রপাত হয়। প্রথমে আগুনের ঘটনা বুঝতে পেরে স্থানীয় লোকজন তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে বাড়ির একাধিক ঘরে ছড়িয়ে দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে একের পর এক বাড়িঘরসহ গোডাউনে ছড়িয়ে পড়লে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী অনেক চেষ্টা করেও আগুনের ভয়াবহতা থেকে ঘরবাড়ি ও পরিবারের দীর্ঘদিনের মূল্যবান সম্পদ রক্ষা করতে পারেনি।

এলাকাবাসীরা বলেন,আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে অল্প সময়ের মধ্যেই পুরো বাড়িতে আগুন ছড়িয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন বিভিন্নভাবে চেষ্টা চালায়। কিন্তু আগুনের ভয়াবহতা ও দ্রুত বিস্তারের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৩ পরিবারের বাড়িঘর ও অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায় বলে জানিয়েছে এলাকাবাসী।

এদিকে অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে । এক মুহূর্তের ভয়াবহ আগুনে নিজেদের বাড়িঘর, ব্যবসায়িক সম্পদ, নগদ অর্থ ও স্বর্ণালংকার হারিয়ে পরিবারগুলো বর্তমানে দিশেহারা হয়ে পড়েছে। দীর্ঘদিনের শ্রম, পরিশ্রম ও সঞ্চয়ে গড়ে তোলা সংসার চোখের সামনে পুড়ে যেতে দেখে তাঁরা ভেঙে পড়েছে। বর্তমানে নতুন করে বাড়িঘর নির্মাণ ও স্বাভাবিক জীবনযাত্রায় নিয়ে বড় চ্যালেঞ্জ এর মুখে পড়েছে পরিবারগুলো।

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবাররা বলেন, অগ্নিকাণ্ডে তাঁদের বাড়িঘর, ব্যবসায়িক মালামাল, নগদ অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও অন্যান্য মূল্যবান সম্পদ পুড়ে গেছে। সবকিছু মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা হতে পারে বলে তাঁরা প্রাথমিক ধারণা করেন তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ কত তা এখনও জানা যায়নি। এ ঘটনায় অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট, না কি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তাও নিশ্চিত করতে পারেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে আশা করছেন এলাকাবাসী। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অসহায় পরিবার ৩টির পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য