
জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলার তিস্তা নদী সংলগ্ন ডালিয়া-জলঢাকা সড়কে ধারালো অস্ত্রের আঘাত করে এক ভুট্টা ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত দল। বৃহস্পতিবার (১৮ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি স্লুইচগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জামিয়ার রহমান (৪৫) উপজেলার পশ্চিম ছাতুনামা গ্রামের বাসিন্দা, পেশায় বিশিষ্ট ভুট্টা ও কীটনাশক ব্যবসায়ী। ভুক্তভোগী জামিয়ার রহমান জানান, জলঢাকা বাজার থেকে ব্যবসার নগদ ২৮ লাখ ৮০ হাজার টাকা নিয়ে রাত আনুমানিক ৮টার দিকে মোটরসাইকেলে করে চাপানী বাজারে নিজ প্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় পথে ডালিয়া সড়কের দক্ষিণ সোনাখুলি স্লুইচগেট এলাকায় পৌঁছামাত্রই চারটি মোটরসাইকেলে আসা মুখোসধারী ৮ সদস্যের একটি ডাকাত দল তার গতিরোধ করে। প্রথমে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ডাকাতরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পথচারীরা তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী দাবি, ডাকাত দলের তিন সদস্যকে তিনি চিনতে পেরেছেন। তারা হলেন একই ইউনিয়নের ছাতুনামা গ্রামের মোকলেছার রহমানের ছেলে ফরিদুল ইসলাম (৪০), আলমগীর হোসেন (৩৫) ও ফরিদুল ইসলামের ছেলে সাগর (২০)। এদিকে এ ঘটনার খবর পেয়ে রাতেই নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহসিন আলী ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। দ্রুত অপরাধীতের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি এ ধরনের ঘটনা না ঘটে তিস্তা সড়কে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। এবিষয়ে ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এদিকে তিস্তা সড়কে আবারও ডাকাতি ও ছিনতাই শুরু হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।


