
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা সীমান্তে ভারতের অবৈধ পুশ-ইন কার্যক্রম ও বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১২ জুন) বিকেলে ডিমলা উপজেলার কলোনি বাজার এলাকায় ১১ দলীয় জোট এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমানের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি রোকনুজ্জামান বকুল, পূর্ব ছাতনাই ইউনিয়নের সভাপতি ফারুক হোসেন পাটোয়ারী, সেক্রেটারি আব্দুল আজিজ ও ১১ দলীয় বিভিন্ন নেতৃবৃন্দসহ কর্মসূচিতে সাধারণ মানুষ অংশ অংশ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পার হতে বাধ্য করা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন এবং সীমান্তে বাংলাদেশি নাগরিকদের প্রাণহানি এবং অবৈধ ধাক্কাধাক্কির ঘটনা দুই দেশের সম্পর্কের জন্য উদ্বেগজনক। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। এ সময় বক্তারা আরো বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও নাগরিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতা কর্মীরা।



