Sunday, June 21, 2026
Sunday, June 21, 2026
Homeবিশেষ প্রতিবেদনরাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু।

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু।

সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বিজলী আক্তার (৩২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার নিজ বাড়ির রান্নাঘরে রান্নার কাজ করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘরজুড়ে।

আগুনের লেলিহান শিখায় বিজলী আক্তারের শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং প্রথমে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সেখানে কয়েক ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শনিবার তিনি মারা যান।

বিজলী আক্তারের মৃত্যুর খবরে কাশিডাঙ্গা গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পরিবারের সদস্যরা এই আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্যাস সিলিন্ডার ব্যবহারে অসাবধানতা কিংবা যান্ত্রিক ত্রুটির কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

সাম্প্রতিক পোস্ট

সাম্প্রতিক মন্তব্য

%d bloggers like this: