
সুজন আলী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদ কার্যকর এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিকেলে একটি বর্ণাঢ্য গণমিছিল পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিবদীঘী জুলাই চত্বরে অনুষ্ঠিত সমাবেশে দলীয় নেতারা বক্তব্য দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির মিজানুর রহমান মাস্টার। এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির রফিকুল ইসলাম, সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঠাকুরগাঁও জেলা সভাপতি মতিউর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিস আহম্মেদ।
বক্তারা বলেন, দেশের বিপুলসংখ্যক মানুষ গণভোটের মাধ্যমে যে রায় দিয়েছে, তার যথাযথ বাস্তবায়নই জনগণের প্রত্যাশা। জুলাই সনদ কার্যকরের দাবিতে আবারও আন্দোলনের প্রয়োজন হবে—এমন পরিস্থিতি কেউ আশা করেনি। যারা গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের বিরোধিতা করছে, তারা গণমানুষের আকাঙ্ক্ষার বিপক্ষে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের আন্দোলন—প্রতিটি আন্দোলনই জনগণের বিজয়ের মধ্য দিয়ে সফল হয়েছে। একইভাবে জনগণের ন্যায্য দাবি আদায়ে চলমান আন্দোলনও সফল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন, গণভোটের রায়ের প্রতি সম্মান প্রদর্শন এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। অন্যথায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলেও সমাবেশ থেকে সতর্কবার্তা দেওয়া হয়।



