
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারীতে জাল শিক্ষক নিবন্ধন সনদের মাধ্যমে চাকরি করার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে এমপিও বাতিল, গ্রহণকৃত অর্থ ফেরত এবং মামলা দায়েরের সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অভিযুক্ত শিক্ষকের নাম কোহিনূর খানম। তিনি বোয়ালমারী উপজেলার চতুল উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত।
গত ১২ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)-এর সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-১) ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক পাঠানো সমাজবিজ্ঞান বিষয়ের সহকারী সিনিয়র শিক্ষক কোহিনূর খানমের ২০০৭ সালের তৃতীয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার ১১০৮০১৭১ রোল নম্বরসংবলিত শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র যাচাই করে সেটি জাল বা ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এ অবস্থায় ওই শিক্ষকের এমপিও বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সার্টিফিকেট জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের মাধ্যমে তাঁর গ্রহণকৃত সরকারি অর্থ আদায় এবং দুর্নীতির দায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
এ বিষয়ে চতুল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আতিকুল ইসলাম বলেন, “এনটিআরসিএ থেকে পাঠানো চিঠি আমরা পেয়েছি। তবে সংশ্লিষ্ট শিক্ষক এর আগে আমার কাছে একটি প্রত্যয়নপত্র চান। তিনি এনটিআরসিএতে আবেদন করে নিজের নাম অনলাইনে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। যদি তাঁর সনদ জেনুইন না হয়, তাহলে তিনি এনটিআরসিএতে আবেদন করবেন কেন? আমি চোর হলে থানায় যাব কেন, তাই না? উনি আগামীকাল থেকেই প্রক্রিয়ায় যাবে। ওনার জেনুইন জিনিস। ওরা যাচাই করে দেখেছে কিনা আল্লাহ জানে।



