
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
(৬ এপ্রিল সোমবার) নীলফামারী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬–২০২৭ উপলক্ষে বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। ৩১ মার্চ প্রকাশিত স্মারক নং: প্রেঃ নিঃ বো/২০২৬/১২ অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। তালিকা প্রকাশের মধ্য দিয়ে সাংবাদিক মহলে নির্বাচনকে ঘিরে উৎসাহ ও প্রাণচাঞ্চল্য আরো বেড়েছে। জেলা শহরের অলিগলি থেকে শুরু করে প্রেস ক্লাবের আড্ডার টেবিল—সবখানেই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আগামী ৬ এপ্রিলে হবে ভোটযুদ্ধ।
প্রকাশিত তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসান রাব্বী প্রধান ও এ.বি.এম মঞ্জুরুল আলম সিয়াম। দুজনই সাংবাদিক মহলে সুপরিচিত ও সক্রিয় ব্যক্তি হওয়ায় এই পদে লড়াই ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।সহ-সভাপতি পদে সবচেয়ে বেশি প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। এ পদে শীষ রহমান, আতিয়ার রহমান বাড্ডা, ভূবন রায় নিখিল, মোহাম্মদ হামিদুল্লাহ সরকার, আনোয়ারুল আলম প্রধান, হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ এবং নূর আলম সিদ্দিকী দুলাল—এই সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিজ্ঞতা ও কর্মতৎপরতার দিক থেকে প্রত্যেকেই শক্ত অবস্থানে থাকায় এই পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
সাধারণ সম্পাদক পদে মিল্লাদুর রহমান মামুন ও নুর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে লড়াইয়ে রয়েছেন সুভাষ বিশ্বাস, বিজয় চন্দ্র চক্রবর্তী কাজল, আব্দুর রশিদ শাহ্ ও নাসির উদ্দিন শাহ্। অর্থ সম্পাদক পদে এম. আবুল হোসেন শাহ্ ও তৈয়ব আলী সরকার, দপ্তর সম্পাদক পদে একরামুল হক লাবু ও এম.আর চৌধুরী রাজু প্রতিদ্বন্দ্বিতা করছেন। তথ্য প্রযুক্তি, গবেষণা ও সমাজকল্যাণ সম্পাদক পদে একক প্রার্থী আরিফুল ইসলাম, যা তাকে নির্বাচিত হওয়ার সম্ভাবনায় এগিয়ে রেখেছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. নাঈম শাহ ও মো. ওয়ালী মাহমুদ সুমন, সাহিত্য-সংস্কৃতি ও পাঠাগার সম্পাদক পদে একক প্রার্থী আব্দুল বারী, ক্রীড়া সম্পাদক পদে আজহারুল ইসলাম রাজা ও মোশারোফ হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাহী সদস্য পদে ৭টি পদের বিপরীতে ১৪ জন প্রার্থী লড়াই করছেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন কাজী মাহবুবুল হক দোদুল, মীর মাহমুদুল হাসান আস্তাক, মোস্তফা আবিদ, বি.এম খাজা নেওয়াজ, এম. সিদ্দিক কাজল, নুরে আলম বাবু, ময়নুল হক, মো. সাদেকুর রহমান শাহ স্কলার, বাপ্পী রহমান, মুশফিকুর রহমান সৈতক, মামুনুর রশিদ মিঠু, আলী সাদ্দাম, আতোয়ার রহমান ও সাগর আলী। নির্বাচনী বোর্ডের আহবায়ক শামসুল ইসলাম স্বাক্ষরিত এ তালিকা প্রকাশের পর থেকেই প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। প্রেসক্লাব প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে চলছে মতবিনিময়, সমর্থন আদায় এবং নির্বাচনী কৌশল নির্ধারণের ব্যস্ততা। সাংবাদিক মহলের অনেকেই মনে করছেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে যোগ্য ও দক্ষ নেতৃত্ব সামনে আসবে, যা নীলফামারীর গণমাধ্যমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



