
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার সীমান্তবর্তী ডিমলা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০০ গ্রাম
গাঁজাসহ মো. মমিনুর রহমান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিমলা থানা পুলিশ।
সোমবার ( ৪ মে) উপজেলার বালাপাড়া ইউনিয়নের শোভানগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।আটক মমিনুর রহমান বালাপাড়া এলাকার লতিফুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মমিনুর দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি শোভানগঞ্জসহ ডিমলা উপজেলার বিভিন্ন স্থানে মাদকাসক্তদের কাছে গাঁজা সরবরাহ করে আসছিলেন। তাঁর এই কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ। ডিমলা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল শোভানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মমিনুরের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তাঁর কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে যে, বর্তমান সরকারের ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিশেষ অভিযানটি চালানো হয়েছে। এই ঘটনায় ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মমিনুরকে পুলিশি পাহারায় নীলফামারী আদালতে হস্তান্তর করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারকের আদেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।
এ প্রসঙ্গে ডিমলা থানার (ওসি) শওকত আলী সরকার বলেন, “মাদক এই সমাজের জন্য একটি অভিশাপ। মাদকাসক্তদের পাশাপাশি তাদের ব্যবসায়ীদের ধরতে আমাদের বিশেষ অভিযান নিয়মিত চলছে। আমরা খুবই কঠোর, যাতে মাদকের সঙ্গে জড়িত কেউ ছাড় না পায়। এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। পুলিশের এই সফল অভিযান এলাকায় স্বস্তি এনেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং ডিমলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে নিয়মিত এ ধরনের অভিযান চালানোর দাবি জানিয়েছেন।



