
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলা উপজেলা-এ অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ মৌসুম উপলক্ষে কৃষকদের মধ্য থেকে স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে ধান সংগ্রহের জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে। ২১ মে উপজেলা পরিষদে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ডিমলা খাদ্য বিভাগ আয়োজনে উন্মুক্ত লটারিতে অ্যাপের মাধ্যমে আবেদন ও নিবন্ধনকৃত কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হয়। এতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় প্রকৃত কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের উদ্যোগকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করার বার্তা উঠে আসে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল বান্না, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রওশন কবির, উপজেলা খাদ্য পরিদর্শক মামুনার রশিদ, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রব্বানী প্রধান, ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সবুজ, এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরাসহ গণমাধ্যমকর্মীরা ও কৃষকরা সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে, ডিজিটাল অ্যাপের মাধ্যমে আবেদন গ্রহণ এবং উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করেছে। এর ফলে প্রকৃত কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য
কমবে।
এই সময়ে উপজেলা প্রশাসন ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা লটারি কার্যক্রম তদারকি করেন। উপস্থিত কৃষকেরা এই উদ্যোগকে সময়োপযোগী ও কৃষকবান্ধব আখ্যা দিয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টেরা আশা প্রকাশ করেন যে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই বাছাই প্রক্রিয়া ভবিষ্যতে সরকারি খাদ্য সংগ্রহ কার্যক্রমে আরও আস্থা ও গতি আনবে।


