
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারী জেলার ডিমলা উপজেলার বন্যাকবলিত এলাকায় জননিরাপত্তা নিশ্চিত ও মানবিক সহায়তায় স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ঝুঁকিপূর্ণ হয়ে পড়া একটি বৈদ্যুতিক খুঁটির ভিত্তি পুনঃস্থাপনের পাশাপাশি জলাবদ্ধতা অতিক্রম করে বাড়ি ফেরা স্কুলশিক্ষার্থীদের নিরাপদে পারাপারে সহায়তা করে দেন আনসার ভিডিপি’র সদস্যরা।
বুধবার (৫ আগস্ট) নীলফামারী জেলার ডিমলা উপজেলার ৮ নম্বর ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছাতুনামা কেল্লাপাড়া এলাকায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করে। পানির তীব্র স্রোতে একটি বৈদ্যুতিক খুঁটির গোড়ার মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি করে খুঁটিটি ঝুঁকিপূর্ণ হয়ে এলাকাবাসীর নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতিতে ইউনিয়ন দলনেতা মো. আশরাফুল ইসলাম এবং ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার মো. লিয়াকত আলী চৌধুরীর নেতৃত্বে কয়েকজন আনসার-ভিডিপি সদস্য স্বেচ্ছাশ্রমে বস্তাভর্তি মাটি দিয়ে গর্ত পূরণ করে বৈদ্যুতিক খুঁটির ভিত্তি শক্তিশালী করেন। তাদের এ উদ্যোগে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে যায় এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে আসে।
এছাড়া বিদ্যালয় ছুটির পর বন্যার জলাবদ্ধতা অতিক্রম করে বাড়ি ফিরতে গিয়ে বিপাকে পড়া শিশু শিক্ষার্থীদের নিরাপদে পারাপারের ব্যবস্থা করেন আনসার-ভিডিপি সদস্যরা। তাদের এ মানবিক উদ্যোগে অভিভাবক ও স্থানীয়রা প্রশংসা করেন।


