
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
খোলা ও মোড়কজাত আটা, ময়দার দাম বেড়েছে, মুরগি–ডিমের দাম কমেনি।
বাজারে খোলা ও মোড়কজাত আটা এবং ময়দার দাম আগের তুলনায় বেড়েছে। এর পাশাপাশি বাড়তি রয়েছে ব্রয়লার মুরগি, ডিম ও মাছের দাম। আর সবজির দাম আগের মতোই স্থিতিশীল রয়েছে। খুচরা বিক্রেতারা জানান, আটা ও ময়দার এই দাম বেড়েছে গত এক মাসের মধ্যে। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বিক্রেতারাও দাম বাড়িয়েছেন। এ ছাড়া উৎপাদন কমা ও চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় মুরগি ও ডিমের দাম বাড়তি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও মগবাজার কাঁচাবাজার ঘুরে এবং ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দৈনন্দিন বাজারদরের তালিকায় আটা, ময়দার মূল্যবৃদ্ধির তথ্য রয়েছে। টিসিবির হিসাবে গত এক মাসে খোলা আটার দাম কেজিতে ৩ টাকা এবং খোলা ও মোড়কজাত ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। তবে বাজারে আরো বেশি দামে বিক্রি হচ্ছে।


