
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডিমলায় ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেফতার করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)।
৫১ বিজিবি সূত্রে জানা যায়, রবিবার ২৭ সেপ্টেম্বর ভোরের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুবেদার মো: রফিকুল ইসলামের নেতৃত্বে ডিমলার থানারহাট বিওপির একটি টহলদল উপজেলার খবিরের ময়দান এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন ২ ব্যক্তি মোটরসাইকেলযোগে ঘটনাস্থলে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে ২ জনকে গ্রেফতার করে। পরে গ্রেফতার ব্যক্তিদের দেহ তল্লাশি করে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ফোন, চারটি সিমকার্ড, একটি পুরোনো স্কুল ব্যাগ ও একটি কাঁচি জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ৫১ বিজিবি। গ্রেফতার হলেন—ডিমলা উপজেলার মধ্য ছাতনাই গ্রামের মৃত ফরিউজ্জামানের ছেলে মো: সুমন আলী (৩৯) এবং উত্তর সুন্দরখাতা গ্রামের মো: শাহিন আলম (২৯)।
বিজিবি জানায়, গ্রেফতার ব্যক্তিদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) আরও জানায়, মাদকমুক্ত রাখতে সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকের অবৈধ প্রবেশ, পরিবহন ও বিস্তার রোধে বিজিবি সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।



