
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
তীব্র জনবলসংকটে একরকম জোড়াতালি দিয়ে চলছে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) দৈনন্দিন দাপ্তরিক কার্যক্রম। পরিস্থিতি সামাল দিতে একেকজন কর্মকর্তাকে পালন করতে হচ্ছে দুই থেকে তিনটি পদের অতিরিক্ত দায়িত্ব। এতে যেমন দাপ্তরিক কাজের গতি কমছে, তেমনই অতিরিক্ত কাজের চাপে নাভিশ্বাস উঠছে কর্মকর্তাদের।
খোঁজ নিয়ে জানা গেছে, পাউবোর এই দপ্তরটিতে অনুমোদিত ৯৮টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩৮ জন। খালি রয়েছে ৬০টি পদ। এর মধ্যে সহকারী প্রকৌশলীর ২টি পদই শূন্য এবং উপ-বিভাগীয় প্রকৌশলীর ৩টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১ জন। বর্তমানে আউটসোোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত স্বল্পসংখ্যক লোকবল দিয়ে কোনোমতে চালানো হচ্ছে দাপ্তরিক কাজ।
দীর্ঘদিন ধরে নতুন নিয়োগ বন্ধ থাকা, পদোন্নতির ধীরগতি এবং অবসরজনিত ও বদলিসংক্রান্ত কারণে খালি হওয়া পদগুলোতে সময়ে লোকবল পদায়ন না করায় এ সংকট তীব্র হয়েছে। ফলে ফাইল আটকে গিয়ে সেবাগ্রহীতাদের মাঝে তৈরি হচ্ছে তীব্র অসন্তোষ।
এ বিষয়ে একাধিক দিন চেষ্টা করে নীলফামারী পাউবোর অতিরিক্ত দায়িত্বে থাকা উপ-বিভাগীয় প্রকৌশলী রেজা আহমেদের সাথে কথা হয়। হতাশা প্রকাশ করে তিনি বলেন, মূল দায়িত্বের বাইরেও একাধিক অতিরিক্ত পদ সামলাতে হচ্ছে। সই আর ফাইল দেখতে দেখতেই দিন শেষ হয়ে যায়। পরিবারকে সময় দেওয়া তো দূরের কথা, মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে হচ্ছে।
সমস্যার সত্যতা স্বীকার করে নীলফামারী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গোলাম জাকারিয়া বলেন, শূন্যপদগুলো পূরণের লক্ষ্যে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। আশ্বাসও পেয়েছি, আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। তবে স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনিক কাঠামো এভাবে জোড়াতালি দিয়ে বেশি দিন চলতে পারে না। সেবার মান বজায় রাখতে দ্রুত নতুন নিয়োগ ও পদোন্নতি চালুর দাবি জানান তাঁরা।



