
মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি :
ফরিদপুর জেলার বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলার অসহায়, দরিদ্র ও রোগীদের কাছে এক পরিচিত নাম- তরুণ সমাজসেবক সুমন রাফি। রক্তদান থেকে শুরু করে চিকিৎসা সহায়তা, ঘর নির্মাণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ- মানবিকতার প্রায় সব ক্ষেত্রেই নিরলসভাবে কাজ করে চলেছেন তিনি। স্থানীয়দের কাছে তিনি পরিচিত “মানবতার ফেরিওয়ালা” কিংবা “রক্তযোদ্ধা” নামে। মানুষ মানুষের জন্য- এই চিরন্তন বাণীকে ধারণ করে ২০০২ সাল থেকে মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন সুমন রাফি। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে তিনি হয়ে উঠেছেন অসহায় মানুষের শেষ ভরসাস্থল। তথ্য অনুযায়ী, সুমন রাফি এ পর্যন্ত ৮ হাজারেরও বেশি ব্যাগ রক্তের ব্যবস্থা করেছেন। জরুরি মুহূর্তে রক্তের জন্য হন্যে হয়ে ঘোরা পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে জীবন বাঁচিয়েছেন অসংখ্য রোগীর। শুধু রক্তদানই নয়- দরিদ্র রোগীদের ওষুধপত্র কেনা, অপারেশন ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও দিয়ে থাকেন তিনি। দুস্থ মানুষের মাঝে খাবার, শীতবস্ত্র ও ঈদ উপহার বিতরণ, ঘর নির্মাণ এবং প্রতিবন্ধীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছেন নিয়মিত। তিনি একজন বৃক্ষপ্রেমীও। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন এলাকায় ২০ হাজারেরও বেশি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছেন। সম্প্রতি বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়- হাসপাতালে ভর্তি অসহায় ও দরিদ্র রোগীদের মাঝে ওষুধ বিতরণ করছেন সুমন রাফি। পরমেশ্বরদী গ্রামের দেড় বছরের শিশু মিরাজ ফকির নিউমোনিয়ায় আক্রান্ত। দাদপুর ইউনিয়নের শেফালি বেগম শ্বাসকষ্টে ভুগছেন। ঘোষপুর ইউনিয়নের ভাড়ালিয়ারচর গ্রামের মো. ফজলু মোল্যা লিভারের রোগে আক্রান্ত। গুনবহা গ্রামের সত্তর বছর বয়সী জালাল শেখ শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছেন। চন্দনী গ্রামের খলিল মোল্যা গ্যাস্ট্রিক সমস্যায় ভুগছেন। এই অসহায় মানুষগুলোর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার গ্রহণ করেছেন সুমন রাফি।
কোনো রাজনৈতিক উদ্দেশ্য বা ব্যক্তিগত স্বার্থ নয়- শুধুমাত্র মানবসেবার মহান লক্ষ্য নিয়েই নিরলসভাবে কাজ করে চলেছেন সুমন রাফি। তার এই মহৎ উদ্যোগ স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে আশার আলো জ্বালিয়েছে। মানবকল্যাণে নিজেকে উৎসর্গ করা এই চিরকুমার তরুণ সমাজসেবকের জীবনের একমাত্র ব্রতই হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের সেবা করা। বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭০ বছর বয়সী শ্বাসকষ্টের রোগী জালাল শেখ বলেন, আমি প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি। সুমন রাফি আমার প্রয়োজনীয় সব ওষুধ কিনে দিয়েছে। চিকিৎসার সব ব্যয় সে বহন করবে বলেছে।
মানবতার আলো ছড়িয়ে পড়ুক সর্বত্র- এই প্রত্যাশা ব্যক্ত করে সুমন রাফি বলেন, আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। নেই যশ-প্রতিপত্তির মোহ। অসহায়ের সেবা করাই আমার ব্রত। গত ২০০২ সাল থেকে ২৪ বছর ধরে মানুষের সেবা করে যাচ্ছি।



