
মো: জাহিদুল ইসলাম,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।
নীলফামারীর ডোমারে ২৭ পিস ইয়াবা ও বিভিন্ন মালামালসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)। শনিবার (৩ অক্টোবর) ভোরের দিকে ডোমার উপজেলার বামোনিয়ার খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম কালীগঞ্জ গ্রামের মিজানুর রহমান (৪৭) এবং ডোমার উপজেলার চিলাহাটি মাস্টারপাড়া গ্রামের গোলাপ (২৬)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানারহাট বিওপির একটি টহলদল জানতে পারে, সীমান্ত এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ডোমার থানাধীন মেইন পিলার ৭৯০ থেকে প্রায় ১ হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বামোনিয়ার খামারপাড়া এলাকায় এসেছে। ওই সংবাদের ভিত্তিতে সুবেদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিজিবির টহলদল ওই এলাকায় গিয়ে কৌশলগত অবস্থান নেয়।
পরে সন্দেহভাজন দুই ব্যক্তি মোটরসাইকেলযোগে সেখানে এলে বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দেন। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন।পরে আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি উইন কারেক্ট সিরাপ, একটি ১৫০ সিসি মোটরসাইকেল, একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল, একটি লোহার ছুরি, একটি স্মার্ট মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও দুইটি সিম কার্ড জব্দ করা হয়।
বিজিবির সূত্রে জানা যায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ২৩ হাজার ৭০০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে বিজিবি জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত। আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাদের ডোমার থানায় হস্তান্তর করা হয়েছে।



