
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলম সৈনিকদের প্রাণের সংগঠন উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ নির্বাচনে কলম সৈনিকদের নতুন অভিভাবক হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মামুন-উর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. শরিফুল ইসলাম।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি পদে মো. নুরতাজ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ আলী, কোষাধ্যক্ষ পদে আল আমিন এবং সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শ্রী প্রফুল্ল কুমার রবিদাস। এছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাদিম হোসেন ও জিয়াউল হক।
নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “কলম সৈনিকদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও ভালোবাসায় আমাদের এই দায়িত্ব। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনারের প্রতি কৃতজ্ঞতা। সকলকে সাথে নিয়ে সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন ও সংগঠনের উন্নয়নে কাজ করে যাব।”



